ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সংরক্ষিত আসনের নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করল ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের ভোট আয়োজনের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ মে এসব আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ৮ এপ্রিল নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের ২০২৬ খ্রিস্টাব্দের ১১তম সভা শেষে ইসির সিনিয়র সচিব সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সংরক্ষিত নারী আসন ছাড়াও নির্বাচনী মামলা, ইভিএমের ভবিষ্যৎ এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।
ইসি সচিব জানান, আগামী ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে। পূর্বপ্রস্তুতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। ১২ মে ভোটের তারিখ চূড়ান্ত হলেও মনোনয়নপত্র দাখিলসহ অন্যান্য ধাপের বিস্তারিত সময়সূচি তফসিল ঘোষণার দিন জানানো হবে।
তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর এখন পর্যন্ত মোট ৫০টি নির্বাচনী মামলা দায়ের হয়েছে। আরপিও অনুযায়ী নির্বাচনী সামগ্রী ন্যূনতম এক বছর সংরক্ষণের বিধান থাকলেও, মামলাগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের মালামাল ও আলামত সংরক্ষণের নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত আদালতের নির্দেশনার ওপর নির্ভর করবে।
শেরপুর ও বগুড়ার উপ-নির্বাচন
আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ এবং বগুড়া-৬ আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন জানিয়েছে, পরিবেশ স্বাভাবিক রয়েছে। ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে এবং নির্বাচনকে গুরুত্বসহকারে নেওয়া হচ্ছে।
ইভিএম প্রসঙ্গে অনিশ্চয়তা
স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে জানান ইসি সচিব। ইভিএম কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিট বিভাগ এবং একটি তদন্ত কমিটি খতিয়ে দেখছে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনই চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অন্যান্য সিদ্ধান্তে জানানো হয়, নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। দায়িত্ব পালনের সময় আহত বা নিহতদের ক্ষতিপূরণ নীতিমালা পর্যালোচনায় একটি কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘমেয়াদি অসুস্থতা ও তাৎক্ষণিক চিকিৎসা সহায়তার বিষয়গুলো এতে যুক্ত করা হবে। এছাড়া ৮০টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিবেদন নিয়ে কর্মশালা ও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে এবং প্রয়োজনীয় সুপারিশ আইন সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হতে পারে।
এবারের ভোটার দিবসটি আরও গুরুত্বসহকারে উদযাপনের জন্য অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান ইসি সচিব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?