×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

এক মাসের মধ্যে রংপুর মেডিকেলে বাড়বে আইসিইউ বেড: ত্রাণমন্ত্রী 

২০২৬ সেপ্টেম্বর ০৫ ১৮:৪৯:৩৬

এক মাসের মধ্যে রংপুর মেডিকেলে বাড়বে আইসিইউ বেড: ত্রাণমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আইসিইউ বেডের যে সংকট রয়েছে, আগামী এক মাসের মধ্যে তা দূর করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, ‘আগামী এক মাসের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বেড সংখ্যা বাড়ানো হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যক্ষেত্রে। জনবল কাঠামো সারা বাংলাদেশেই সংকট রয়েছে। অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যেগুলো চাহিদা আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করব।’

এ সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন এবং হাসপাতালটিতে জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ তৈরি করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

ত্রাণমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর জুলুম ও নানা অনিয়ম-দুর্নীতির কারণে শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, বাংলাদেশের প্রতিটি খাতই ধ্বংসের শেষ প্রান্তে উপনীত হয়েছে।

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আপনারা জানেন যে এই হাসপাতালে আইসিইউ বেডের একটা দাবি ছিল, আমরা অ্যানেসথেশিয়ার অভাবে তা দিতে পারিনি। আশা করি, আগামী এক মাসের ভেতর নতুন করে আইসিইউ বেড চালু করতে পারব।’

রংপুরে সম্প্রতি একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আসাদুল হাবিব দুলু বলেন, ‘এই হত্যাকাণ্ডকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’

তিনি বলেন, এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আলোচনা আছে। তদন্তে হয়তো বিভিন্ন ধরনের উপসর্গ তৈরি হচ্ছে, ফলে হয়তো একটু সময় লাগছে।

তিনি আরও বলেন, ‘আমরা চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকারে যারা দোষী এবং এ হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদেরকে আইনের আওতায় আসতে।’

পরে ত্রাণমন্ত্রী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগ দেন। এর আগে সকালে বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয়ের রংপুর আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু।

এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম ও বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত