ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
এলআর গ্লোবালসহ ৯ প্রতিষ্ঠানকে ৯ কোটি টাকার বেশি জরিমানা
নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফান্ডের অর্থ লোকসানি ও নিষ্ক্রিয় কোম্পানিতে বিধিবহির্ভূতভাবে বিনিয়োগের অভিযোগে এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলামসহ ছয় পরিচালককে ১ কোটি টাকা করে মোট ৬ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া আরও তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানাসহ মোট ৯ কোটি ২১ লাখ টাকা দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও রিয়াজ ইসলামকে শেয়ারবাজার কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৯৭৮তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সংস্থার মুখপাত্র ও পরিচালক মো. আবুল কালাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিএসইসি জানিয়েছে, এলআর গ্লোবাল পরিচালিত ছয়টি মিউচুয়াল ফান্ডের মোট ২৩ কোটি ৬২ লাখ টাকা বিনিয়োগ করা হয় স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালার লিমিটেডে (বর্তমানে কোয়েস্ট বিডিসি লিমিটেড)। প্রতি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যের হলেও ২৮৯ টাকা ৪৮ পয়সা দরে শেয়ার কেনা হয়। বিনিয়োগের সময় কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ছিল, প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক ২ টাকা ৭৪ পয়সা এবং রিটেইন আর্নিংস ঋণাত্মক ২ কোটি ৩৫ লাখ টাকা। তখন ডিএসইর ওটিসি প্ল্যাটফর্মে কোম্পানির শেয়ারদর ছিল মাত্র ১৩ টাকা ৬০ পয়সা।
বিএসইসি বলেছে, এই ছয় ফান্ড থেকে বিনিয়োগ করা ৬৮ কোটি ৬৪ লাখ টাকা সুদসহ মোট ৯০ কোটি টাকা ৩০ দিনের মধ্যে ফেরত আনতে হবে। অর্থ ফেরত না এলে রিয়াজ ইসলামকে ৯৮ কোটি টাকা, পরিচালক জর্জ এম. স্টক থ্রিকে ১ কোটি টাকা এবং রেজাউর রহমান সোহাগকে ১ কোটি টাকা অতিরিক্ত জরিমানা দিতে হবে।
বিনিয়োগ প্রক্রিয়ায় প্রাইস সেনসেটিভ ইনফরমেশন প্রকাশ না করা, ইজিএম না করা এবং লক-ইন শেয়ার না রাখার মতো সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে কোয়েস্ট বিডিসি লিমিটেডের তৎকালীন ছয় পরিচালককে ১ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন—রিয়াজ ইসলাম (ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রতিনিধি), রেজাউর রহমান সোহাগ (চেয়ারম্যান ও গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড প্রতিনিধি), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শরীফ আহসান (এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড প্রতিনিধি), মেদিনা আলী (এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রতিনিধি), সৈয়দ কামরুল হুদা (এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড–ওয়ান প্রতিনিধি) এবং মো. ওমর সোব চৌধুরী (এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড–ওয়ান প্রতিনিধি)।
বিএসইসি জানিয়েছে, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০০১ লঙ্ঘন করে লোকসানি প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে ইউনিটহোল্ডারদের স্বার্থ ক্ষুণ্ন হওয়ায় এলআর গ্লোবাল বাংলাদেশকে ছয় ফান্ডের সম্পদ ব্যবস্থাপক থেকে অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া ফান্ড তদারকিতে ব্যর্থতার দায়ে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডকে (বিজিআইসি) ৩ কোটি টাকা জরিমানা করা হয়েছে।
কোয়েস্ট বিডিসি লিমিটেডের ২০২৩ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে গাফিলতির কারণে শফিক বসাক অ্যান্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) পাঠানো হয়েছে।
বিএসইসি আরও জানায়, কোয়েস্ট বিডিসি লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ার ৫২ টাকা ২৫ পয়সা দরে মোট ২৪ কোটি ৯৫ লাখ টাকা থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেডে বিনিয়োগ করে। তদন্তে দেখা গেছে, এ সময় তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এরশাদ হোসেন ও রিয়াজ ইসলামের মধ্যে যোগসাজশের ভিত্তিতে শেয়ার মূল্যায়ন করা হয়। এর মাধ্যমে মানি লন্ডারিং সংঘটিত হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় বিষয়টি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে অধিকতর তদন্তের জন্য।
এ ছাড়া মিথ্যা তথ্য প্রদানের কারণে রেজাউর রহমান সোহাগকে ১০ লাখ টাকা এবং স্বার্থের সংঘাত তৈরি করার কারণে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শরীফ আহসানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট