×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

তুরস্ক-পাকিস্তানসহ চার দেশের মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

২০২৬ অক্টোবর ২১ ২২:০৬:১২

তুরস্ক-পাকিস্তানসহ চার দেশের মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার ও সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। বুধবার (২১ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘বদর সমঝোতা স্মারক’ নামে পরিচিত এই চুক্তির বিষয়টি জানায়।

মন্ত্রণালয়ের তথ্যমতে, কাতারের রাজধানী দোহায় চার দেশের প্রতিনিধিরা সমঝোতা স্মারকটিতে সই করেন। এর লক্ষ্য হলো দেশগুলোর মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সম্পর্ক আরও গভীর করা এবং সামরিক সক্ষমতার উন্নয়নে যৌথভাবে কাজ করা।

সামরিক উৎপাদন ও প্রযুক্তিগত উন্নয়নে গুরুত্ব

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির অর্থনৈতিক দিকও গুরুত্বপূর্ণ। এর আওতায় সামরিক সরঞ্জাম উৎপাদন বৃদ্ধি, প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, চার দেশ নিজেদের সামরিক সক্ষমতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একে অপরকে সহায়তা করবে। এর ফলে প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

মুসলিম দেশগুলোর সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা

মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক একমাত্র ন্যাটো সদস্য। দেশটির সামরিক বাহিনীও ন্যাটোর অন্যতম বৃহৎ বাহিনী। দীর্ঘদিন ধরে উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেছে আঙ্কারা। কাতারেও তুরস্কের একটি সামরিক ঘাঁটি রয়েছে।

এর আগে ‘মক্কা চুক্তি’ করেছিল তুরস্ক

এর আগে গত আগস্টে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি সামরিক চুক্তিতে যুক্ত হয় তুরস্ক। ‘মক্কা চুক্তি’ নামে পরিচিত ওই চুক্তিতে বলা হয়েছে, কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো নিজেদের সামর্থ্য অনুযায়ী আক্রান্ত দেশকে সহায়তা করবে।

নতুন ‘বদর সমঝোতা স্মারকের’ মাধ্যমে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে সামরিক সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে যৌথ কার্যক্রমের সুযোগ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত