×

ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

জামায়াত যে জান্নাতের পথ দেখায়, তা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

২০২৬ অক্টোবর ২১ ১৪:৪৮:২০

জামায়াত যে জান্নাতের পথ দেখায়, তা দাজ্জালের জান্নাত: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেওয়া’ সংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন। জামায়াতের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেছেন, মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে দলটি মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটি দাজ্জালের জান্নাত।

বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দেয়। অথচ হাদিসে বলা হয়েছে, কিয়ামতের আগে দাজ্জালও মানুষকে জান্নাত দেখিয়ে তার অনুসরণ করতে বলবে।

জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়, সেই প্রশ্ন তুলে দলটির বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। রাশেদ খাঁন লেখেন, ‘আমি জানিনা, জামায়াত মানুষকে কোন জান্নাতের পথ দেখাতে চায়? এই পথ কি ভোটের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলার পথ যে, আমরা কোথায় বলেছি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবো? না কি এই পথ গাজী নজরুল ইসলামের পথ?’

এ ছাড়া শহীদ আবরার ফাহাদের খুনিদের আইনজীবী হওয়া, রোজা ও পূজাকে মুদ্রার এপিঠ-ওপিঠ বলা এবং ‘আগে ছিল হিন্দু মানে নৌকা, এবার হবে হিন্দু মানে দাঁড়িপাল্লা’—এমন বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।

পোস্টে আরও প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, একদিকে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া, অন্যদিকে জান্নাতের টিকিট বিতরণ করা—এ কেমন পথ? গণঅভ্যুত্থানের এক মাসের মাথায় আওয়ামী লীগের বিচার দাবি না করে সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করার অভিযোগও তোলেন তিনি।

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন বলেন, ‘মিথ্যা ও ধোঁকাবাজির মাধ্যমে জামায়াত মানুষকে যে জান্নাতের পথ দেখাতে চায়, সেটা তো দাজ্জালের জান্নাত!’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ