ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩
লটারিতে দূরবর্তী স্কুলে পদায়ন, পারস্পরিক বদলি নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: লটারির মাধ্যমে দূরবর্তী ও দুর্গম এলাকায় পদায়ন পাওয়া সহকারী শিক্ষকেরা পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ চালুর দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, লটারির কারণে অনেক শিক্ষককে নিজ বাড়ি থেকে দূরের, এমনকি দুর্গম এলাকার বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে। এতে যাতায়াত, বাসস্থান, পারিবারিক দায়িত্ব পালন ও নিরাপত্তা নিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, শূন্য পদ থাকা বিদ্যালয়গুলোতেই শিক্ষকদের পদায়ন করা হয়েছে। তিনি বলেন, ‘যে জায়গাগুলোতে পদ ফাঁকা রয়েছে সেখানে তাদের পদায়ন করা হয়েছে। অর্থাৎ প্রার্থীদের ক্যাচমেন্ট এরিয়া অনুযায়ী যে স্কুলগুলোতে পদ ফাঁকা ছিল সেখানেই পদায়ন হয়েছে। তারপরও যদি প্রার্থীরা জোরালো দাবি জানায়, তাহলে বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পারস্পরিক বদলির দাবি জানান সদ্য পদায়ন পাওয়া শিক্ষকেরা। ‘সহকারী শিক্ষক ২০২৫ ব্যাচ’-এর পক্ষ থেকে এ আবেদন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লটারির মাধ্যমে পদায়ন পাওয়া অনেক শিক্ষককে নিজ বাড়ি থেকে দূরের, এমনকি দুর্গম এলাকার বিদ্যালয়ে কর্মস্থল দেওয়া হয়েছে। এতে তাঁদের যাতায়াত, বাসস্থান, পারিবারিক দায়িত্ব ও নিরাপত্তা নিয়ে নানা সমস্যার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে যেসব শিক্ষক পারস্পরিক সম্মতির ভিত্তিতে একে অপরের কর্মস্থলে যেতে আগ্রহী, তাঁদের জন্য দ্রুত মিউচুয়াল ট্রান্সফারের সুযোগ চালু করা জরুরি। এতে উভয় পক্ষের সম্মতি ও সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি অনেক শিক্ষক যাতায়াতজনিত ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
বিশেষ করে চরাঞ্চল, হাওরাঞ্চল ও দুর্গম এলাকার শিক্ষকদের জন্য এ সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কারণ, এসব অঞ্চলে যাতায়াতব্যবস্থা অনেক ক্ষেত্রেই দুর্বল ও কষ্টসাধ্য।
বিজ্ঞপ্তিতে নারী শিক্ষকদের বিষয়টিও বিশেষভাবে বিবেচনার আহ্বান জানানো হয়েছে। তাঁদের পারিবারিক দায়িত্ব, নিরাপত্তা, যাতায়াতের অসুবিধা ও সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পারস্পরিক বদলির আবেদনে অগ্রাধিকার দেওয়া কিংবা প্রক্রিয়াটি সহজ করা হলে তাঁরা কর্মস্থলে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন বলে উল্লেখ করা হয়।
শিক্ষকদের মতে, পারস্পরিক বদলির সুযোগ কেবল তাঁদের ব্যক্তিগত সুবিধার বিষয় নয়; এর ইতিবাচক প্রভাব সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানের ওপরও পড়বে। একজন শিক্ষক মানসিকভাবে সুস্থ, নিরাপদ ও স্বস্তিতে থাকলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শেখার পরিবেশও সুস্থ ও কার্যকর থাকে। শিক্ষকদের ভোগান্তি কমলে বিদ্যালয় হয়ে উঠবে আরও প্রাণবন্ত, আনন্দময় ও শিক্ষাবান্ধব।
বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা বলেন, ‘আমরা বিশ্বাস করি, লটারিতে পদায়নপ্রাপ্ত শিক্ষকদের জন্য স্বচ্ছ, সহজ ও দ্রুত পারস্পরিক বদলির ব্যবস্থা চালু করা হলে শিক্ষকদের কর্মজীবনের শুরুতেই অনেক অনাকাঙ্ক্ষিত ভোগান্তি কমবে। একই সঙ্গে নারী শিক্ষকদের বাস্তব সমস্যাগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে তাঁরা আরও মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানে আত্মনিয়োগ করতে পারবেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষকদের বাস্তব সমস্যা, পারস্পরিক সম্মতি এবং নারী শিক্ষকদের নিরাপত্তা ও পারিবারিক বিষয় বিবেচনায় নিয়ে দ্রুত পারস্পরিক বদলির সুযোগ চালু করার বিষয়ে সদয় পদক্ষেপ গ্রহণ করবেন।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম জেনে নিন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন