×

ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা ২৫ সেপ্টেম্বর

২০২৬ সেপ্টেম্বর ০৯ ১১:১৯:৩০

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা ২৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাগরিক সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর টাইমস স্কয়ারের ম্যারিয়ট মারকুইজ হোটেলে এ সংবর্ধনার আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো অনুষ্ঠানটির আয়োজন করছে।

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন। ২৪ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর এই ভাষণ বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ ও মর্যাদার হতে যাচ্ছে। তারেক রহমানের ভাষণ দেওয়ার সময় অধিবেশনে সভাপতিত্ব করবেন তাঁরই মন্ত্রিসভার সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

নিউইয়র্কে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।

জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের একজন কূটনীতিক আগামীর সময়কে বলেছেন, আনুষ্ঠানিক কোনো বৈঠকের কর্মসূচি নেই। তবে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া রিসিপশনে তাঁদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর কিছু কর্মসূচি নিয়ে কাজ করছে। তবে সেগুলো এখনো চূড়ান্ত হয়নি।

প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেওয়ার বিষয়ে বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) সভাপতি গিয়াস আহমেদ আগামীর সময়কে বলেন, ‘প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সময়ে নানা কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলোচনা করেছি। তাঁর এই সফর স্মরণীয় করতে যুক্তরাষ্ট্র বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে।’

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু বলেন, যুক্তরাষ্ট্র বিএনপিই সংবর্ধনার আয়োজন করছে। ম্যারিয়ট মারকুইজ হোটেলে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত