ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
চারটির বেশি আসন না ছাড়ায় এনসিপি জামায়াতের জোটে: রাশেদ খাঁন
নিজস্ব প্রতিবেদক: বিএনপি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) চারটির বেশি আসন ছাড়তে রাজি না হওয়ায় দলটি জামায়াতে ইসলামীর জোটে যোগ দিয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি এ দাবি করেন।
জামায়াতের সাম্প্রতিক লংমার্চ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, প্রশাসনের পক্ষ থেকে এতে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। তাঁর ভাষ্য, জামায়াত সহযোগিতা চাওয়ায় পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তাদের গাড়িবহর নিয়ে যাওয়া হয়। এমনকি সহযোগিতা না চাইলেও পুলিশ একই ধরনের নিরাপত্তা দিত বলে তিনি দাবি করেন।
তবে এরপরও জামায়াত পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন রাশেদ। তিনি বলেন, পরিকল্পিতভাবে ঝামেলা করার পরিকল্পনা ছিল জামায়াতের। রাতের বেলা মতিঝিলে লাঠিসোঁটা জড়ো করা হয়েছিল বলেও তিনি দাবি করেন। এসব লাঠি পরে গাড়িবহরে তোলা হয়েছিল কি না, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, জামায়াতের বহরে থাকা শীর্ষ নেতারা উসকানিমূলক স্লোগান দিয়েছেন-‘হৈ হৈ রৈ রৈ ছাত্রদল, যুবদল গেলি কই!’
রাশেদ খাঁনের দাবি, পুরো লংমার্চটি কার্যত জামায়াতের ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলে পরিচালিত হলেও এনসিপির নেতাদের সামনে রেখে জামায়াত ঝুঁকি এড়িয়ে পর্দার আড়াল থেকে রাজনীতি করতে চাইছে। তাঁর ভাষ্য, ‘অনেকে বলছে, সবকিছু দেখে মনে হলো, এটি জামায়াতের ব্যবস্থাপনায়, অর্থায়ন ও জনবলে এনসিপির লংমার্চ। জামায়াত যেহেতু সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ঝুঁকি নিতে চায় না, সেক্ষেত্রে এনসিপির নেতাদের সামনে রেখে এবং আওয়ামী লীগকে পিছনে রেখে, মাঝখানে থেকে খেলতে চায়!’
তিনি আরও বলেন, জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ও অ্যাক্টিভিস্ট এনসিপিকে জামায়াতের মুখপাত্র বানানোর বিষয়টি মেনে নিতে পারছেন না। তাঁর দাবি, তাঁদের কেউ কেউ মনে করছেন, এনসিপি আজ হোক বা আগামীকাল হোক, জামায়াতের জোট ছাড়বে। এ কারণে এনসিপিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, তা নিয়েও সচেতন নেতাকর্মীদের মধ্যে আক্ষেপ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াতের জোট প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, মাওলানা মামুনুল হকের দলসহ জোটে থাকা অন্যান্য দল মূলত বিএনপির কাছ থেকে পর্যাপ্ত আসন না পাওয়ার কারণেই জামায়াতমুখী হয়েছে। ভবিষ্যতে বিএনপি বেশি আসন ছাড়তে রাজি হলে এসব দল আবার অবস্থান পরিবর্তন করবে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, ‘শোনেন, জামায়াত জোটে কারা আছে? এনসিপিকে বিএনপি ৪ টার বেশি আসন ছাড়েনি, এজন্য জামায়াতে গেছে। আর মাওলানা মামুনুল হক সাহেবের দলও পর্যাপ্ত আসন পেলে বিএনপিতেই থাকতো। এছাড়া বাকিরা ১ টা করে আসন না পেয়ে জামায়াতে গেছে। ভবিষ্যতে বিএনপি বেশি আসন সমন্বয় করতে পারলে, এরা সবাই আবার বক্তব্য পরিবর্তন করে ব্যাক করবে!’
পোস্টের শেষাংশে জামায়াতকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানচিত্রবিরোধী শক্তি হিসেবে অভিযুক্ত করেন রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত সম্পর্কে এনসিপি অতীতে যেসব কঠোর মন্তব্য করেছিল, সেগুলো মনে রাখার আহ্বান জানান তিনি।
তাঁর ভাষ্য, ‘সবমিলিয়ে জামায়াত যাদের উপর ভরসা রেখে এতো অর্থকড়ি খরচ করছে, তারাই একদিন জামায়াতকে এমন দেওয়া দিবে যে জামায়াত আর ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে না! জামায়াত স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানচিত্র বিরোধী শক্তি, ভারতের এক্সটেনশন, সংস্কারের নামে ভণ্ডামি করছে, জামায়াত ইসলামিক দল নয় থেকে শুরু করে কি বলে নাই এনসিপি?’
তিনি আরও বলেন, ‘তাই বলি, ভবিষ্যতের ডায়েরি এখন থেকে কিনে রাখুন, কি কি বলবে সেটি নোট করার জন্য! জামায়াতের নেতাকর্মীরা মনে রাখুন, এনসিপি ৩১ সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার টার্গেট নিয়ে এগুচ্ছে। বিভিন্ন বিদেশি সংস্থা ও শক্তি তাদের পৃষ্ঠপোষকতা করছে বলেও জনশ্রুতি আছে। আর কিছু বললাম না.... শুধু এতোটুকু বলবে, একদিন আপনারাই বলবেন, দুধকলা দিয়ে কালসাপ পোষলাম!’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- জিয়া উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর