ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিএমইউতে নতুন ১১ শয্যার আইসিইউ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নতুন করে ১১ শয্যার আরও একটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লকের ১০ম তলায় এ আইসিইউ উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়া ৮১ নার্সের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
সি ব্লকের অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।
ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণের মেয়াদ আরও দীর্ঘ করা এবং আধুনিকায়নের বিষয়ে বিএমইউ প্রশাসন থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে জানিয়ে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, একটি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসা ব্যবস্থাপনা চিকিৎসক ও নার্সদের ওপর নির্ভর করে। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবার প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে নার্সিং সেবার প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। রোগীদের প্রয়োজনেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
উপাচার্য আরও বলেন, বিএমইউতে ইভিনিং ও নাইট শিফটে ওটি চালুরও পরিকল্পনা রয়েছে। তখন এ ধরনের আরও বেশি সংখ্যক প্রশিক্ষিত নার্সের প্রয়োজন হবে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্বের আপডেটেড টেকনোলজি সমৃদ্ধ সব ধরনের যন্ত্রপাতি প্রতিটি বিভাগে যুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন উপাচার্য।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং পেশা বিশ্বে একটি হাইস্কিলড ও নোবেল প্রফেশন। জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নার্সরা যাতে রোগীদের সেবায় সবটুকু দিতে পারেন, সে লক্ষ্যে বিএমইউ প্রশাসন কাজ করে যাচ্ছে। বিদেশে আমি দেখেছি, যেমন—অস্ট্রেলিয়ায় বলতে গেলে নার্সরাই হসপিটাল চালায়। চিকিৎসকেরা যে নির্দেশনা দেন, নার্সবৃন্দ তা বাস্তবায়ন করেন।
রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান বলেন, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকা বিএমইউতে এর আগে প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ প্রতিষ্ঠায় সহায়তা করেছে। ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচিতেও রোটারি ক্লাবের সহায়তা অব্যাহত রাখা হবে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল অ্যানেসথেসিয়া, ক্রিটিক্যাল কেয়ার এবং নার্সিং—এই তিন বিষয়কে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সময়ের দাবি উল্লেখ করে বলেন, অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৫৬টি বিভাগের মধ্যে সবচেয়ে বিস্তৃত এবং জনবল ও কর্মপরিধিতে অগ্রগামী একটি বিভাগ। একসময় শুধু অস্ত্রোপচারে অচেতন করার পদ্ধতি হিসেবে শুরু হওয়া এ বিভাগ এখন প্রি-অপারেটিভ কেয়ার, পেইন মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, ইমারজেন্সি কেয়ার ও রিসাসসিয়েশনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি।
তিনি বলেন, সার্জিক্যাল ফ্যাকাল্টির বিভিন্ন বিভাগে সাপোর্ট দেওয়া এ বিভাগ এখন মেডিসিন ফ্যাকাল্টি, নার্সিং ফ্যাকাল্টি, ডেন্টাল ফ্যাকাল্টি ও বেসিক সাইন্স ফ্যাকাল্টির ৩৪টি বিভাগকে অ্যানেসথেসিয়া বিভাগ সরাসরি সাপোর্ট দেয়। একসময় শুধু সি-ব্লকে ৮টি ওটি ছিল। সেখানে এখন বিভিন্ন ব্লকে ওটির সংখ্যা ৪৮টি। এ ছাড়া ৫২টি বেডসম্বলিত ৩টি আইসিইউ ও এইচডিইউ, ৫০ থেকে ৬০ বেডের ৪ থেকে ৫টি পোস্ট-অপারেটিভ ওয়ার্ড এবং ওটি সহ একটি পেইন ক্লিনিক এ বিভাগের অধীনে পরিচালিত হয়।
তিনি আরও বলেন, দ্রুত ১৫টি অ্যানেসথেসিয়া মেশিন ক্রয় করা, আইসিইউতে মেকানিক্যাল ভেন্টিলেশনসহ মনিটর ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয়ের ব্যবস্থা নেওয়া এবং পেইন মেডিসিনের জন্য এমআরআই ও ইউএসজিসহ অন্যান্য যন্ত্রপাতি কেনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিএমইউতে বৈকালিক ওটি চালুর সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত জনবল বাড়ানোর ব্যবস্থাও জরুরি। স্বাস্থ্য ব্যবস্থার গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ভার্চুয়াল অ্যানেসথেসিয়া স্কিল ল্যাব ও ডাটা ক্যাপচারিং নেটওয়ার্ক স্থাপন জরুরি।
রেজিস্ট্রার আরও বলেন, বর্তমানে অ্যানেসথেসিয়া বিভাগে ৭টি ডিভিশন আছে—জেনারেল অ্যানেসথেসিয়া, নিউরো অ্যানেসথেসিয়া, পেডিয়াট্রিক অ্যানেসথেসিয়া, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার অ্যানেসথেসিয়া, ট্রান্সপ্লান্ট অ্যানেসথেসিয়া, পেইন মেডিসিন ও আইসিইউ। দ্রুত বর্ধনশীল এই বিভাগের প্রশাসনিক, একাডেমিক, ক্লিনিক্যাল ও গবেষণামূলক কার্যক্রমের সমন্বয় সাধনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও দেশের রোগীদের প্রয়োজনে অ্যানেসথেসিয়া, ইনটেনসিভ কেয়ার সার্ভিসেস ও অ্যালাইড ডিসিপ্লিনগুলো নিয়ে একটি নতুন ফ্যাকাল্টি প্রতিষ্ঠা করা প্রয়োজন, যা সময়েরই দাবি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান। অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রিজিওনাল অ্যানেসথেসিয়া ও পেইন মেডিসিন ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা. মন্তোষ কুমার মন্ডল, অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক ডা. রেফায়েত উল্লাহ সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. তাজ উদ্দিন আহমেদ প্রমুখসহ বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী ও নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি