ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

২০২৬ জুলাই ২৭ ১৯:৩৪:২৬

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর ভাষায়, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো দক্ষিণ চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বেলচূড়া এলাকায় চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রকল্পটিতে দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। তাঁর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ছাড়া বিনিয়োগ সম্ভব নয়, আবার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত না হলে অর্থনৈতিক অগ্রগতিও সম্ভব নয়। নিরাপত্তা ও বিনিয়োগ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

প্রকল্প গ্রহণের দীর্ঘ এক যুগ পর ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে দেশের অন্যতম বৃহৎ এই অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আনোয়ারা আসনের বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনের (সিআরবিসি) সভাপতিসহ বাংলাদেশ ও চীনের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী এবং বেজার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, শুরুতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হলেও অবকাঠামোসহ সব ধরনের বিনিয়োগ মিলিয়ে শেষ পর্যন্ত এর পরিমাণ এক বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হবে।

তিনি আরও বলেন, এই অর্থনৈতিক অঞ্চলের সুফল শুধু আনোয়ারায় সীমাবদ্ধ থাকবে না। এর মাধ্যমে শক্তিশালী সরবরাহব্যবস্থা গড়ে উঠবে এবং বিভিন্ন সেবাখাতের বিকাশ ঘটবে। পাশাপাশি শিল্পকারখানার পাশাপাশি আবাসন, পরিবহন, লজিস্টিকস, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্যও নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের লক্ষ্য অর্থনীতিকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা, প্রবৃদ্ধি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা। এ লক্ষ্য অর্জনে বিনিয়োগের বিকল্প নেই। তিনি বলেন, চীনা বিনিয়োগকারীরা শুধু তৈরি পোশাক খাতেই নয়, মেডিকেল ইকুইপমেন্ট, সেলফোন উৎপাদনসহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ করছেন।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি কমিয়ে আনার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে আইন, নীতিমালা ও বিধিবিধানে ব্যাপক সংস্কার এবং নিয়ন্ত্রণ শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু চীন নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই), দেশীয় বিনিয়োগ এবং পুঁজিবাজারে বিদেশি ফান্ড ম্যানেজারদের আগ্রহও বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশি-বিদেশি উদ্যোক্তারা যাতে আস্থার সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন, সে জন্য নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

এদিকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান চলাকালে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা সড়কে অবস্থান নেন। হলুদ গেঞ্জি পরে অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পথ আটকে তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার একটি গোষ্ঠীর হয়ে পটিয়া, আনোয়ারা, বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার হাজার হাজার ব্যাংকারকে চাকরিচ্যুত করেছে। পরিবার-পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে চাকরি পুনর্বহালের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, কর্ণফুলী নদীর পূর্ব তীরে প্রায় ৭৮৩ একর জমির ওপর সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থাপনায় এই চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল গড়ে তোলা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৮৯ কোটি টাকা। এখানে ওষুধ, তৈরি পোশাক, গাড়ি, ইলেকট্রনিক্স, কৃষি প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক, স্বাস্থ্য সরঞ্জাম, প্লাস্টিক পণ্য, তথ্যপ্রযুক্তি, ফার্নেস ও সিমেন্টসহ ৩৭১টি শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত