ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জামায়াত থেকে বহিষ্কারের পর এমপি পদ থাকবে কি গাজী নজরুলের?
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নৈতিক স্খলনের অভিযোগে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) অবিলম্বে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
তবে এই বহিষ্কারের পর গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদে বহাল থাকতে পারবেন কি না, তা নিয়ে আইনগত আলোচনা শুরু হয়েছে। এ ক্ষেত্রে মূল প্রশ্ন উঠেছে সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাখ্যা নিয়ে।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত হওয়ার পর দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্যপদ শূন্য হবে। তবে সেখানে ‘দল থেকে বহিষ্কার’ হওয়ার বিষয়টি উল্লেখ নেই।
এ কারণে আইন সংশ্লিষ্টদের একটি অংশের মতে, শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছে—এমন কারণেই কোনো সংসদ সদস্যের পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যাবে, এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। বিষয়টি সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাখ্যা এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো সংসদ সদস্য ৭০ অনুচ্ছেদ অনুসারে আসন হারিয়েছেন কি না—এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে এবং কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সংসদের কার্যপ্রণালি বিধিতেও স্পিকারের মাধ্যমে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠানোর বিধান রয়েছে।
সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ-সদস্য তার নির্বাচনের পর এ অনুচ্ছেদের (২) দফায় বর্ণিত অযোগ্যতার অধীন হয়েছেন কিনা কিংবা সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে তার আসন শূন্য হবে কিনা—এ বিষয়ে কোনো বিতর্ক দেখা দিলে প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে এবং এ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এ বিষয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন যুগান্তরকে টেলিফোনে বলেন, সংবিধান ও আইন অনুযায়ী গাজী নজরুল সংসদ সদস্য পদে থাকতে পারবেন না। কারণ নৈতিক স্খলনের অভিযোগে তার দল তাকে বহিষ্কার করেছে। তার মতে, এ ক্ষেত্রে সংবিধানের ৬৬(৪) অনুচ্ছেদ কার্যকর হবে এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।
উদাহরণ হিসেবে তিনি ১৯৯৬ সালের সংসদে বিএনপির তৎকালীন সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের প্রসঙ্গ উল্লেখ করেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের ভাষ্য অনুযায়ী, ফ্লোর ক্রসিংয়ের কারণে আখতারুজ্জামান দল থেকে বহিষ্কৃত হন এবং পরে আদালতে গেলেও মামলায় পরাজিত হওয়ায় তার সংসদ সদস্যপদ বহাল থাকেনি।
গাজী নজরুল ইসলামের বহিষ্কারের সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে মতামত দেন। তিনি লেখেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’-এর কথা বলা হয়েছে, কিন্তু গাজী নজরুল ইসলাম ‘বহিষ্কার’ হয়েছেন। জামায়াত নির্বাচন কমিশনকে বিষয়টি জানাচ্ছে। তার মতে, নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কৃত হওয়ায় গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য পদে থাকতে পারবেন না।
বুধবার (২২ জুলাই) বিকেলে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল ৪টায় রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমান (এমপি) বৈঠকে সভাপতিত্ব করেন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিষয়গুলোর সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?