ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক: শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রংপুরের কাউনিয়া কলেজের শিক্ষার্থী কলি রানী। বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হওয়া পরীক্ষায় তিনি রংপুরের কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্র থেকে মানবিক বিভাগে অংশ নেন। শারীরিক সীমাবদ্ধতা তার শিক্ষাজীবনের পথ রুদ্ধ করতে পারেনি; বরং অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং শিক্ষার প্রতি গভীর ভালোবাসাই হয়ে উঠেছে তার এগিয়ে চলার প্রধান শক্তি।
জানা গেছে, কাউনিয়া উপজেলার গদাই গ্রামের রুপালী রানীর মেয়ে কলি রানী। জন্ম থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় তার বাবা মনোরঞ্জন রায় মারা যান। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।
পরিবারের সহযোগিতায় প্রতিবন্ধকতাকে অতিক্রম করে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন কলি রানী। পাশাপাশি তিনি ভালো গানও গাইতে পারেন। গান গেয়ে ইতোমধ্যে একাধিক সম্মাননা স্মারক অর্জন করেছেন। শুধু তাই নয়, পা দিয়েই কম্পিউটার ও মোবাইল ফোন পরিচালনা করতে সক্ষম তিনি।
কলি রানী জানান, পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান। তিনি প্রমাণ করতে চান, শারীরিক প্রতিবন্ধকতা নয়, মানুষের ইচ্ছাশক্তিই সফলতার সবচেয়ে বড় চালিকা শক্তি। পঞ্চম শ্রেণিতে পা দিয়ে লিখে তিনি এ-গ্রেড পেয়েছিলেন। পরে এসএসসিতেও কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন এই অদম্য শিক্ষার্থী।
কলি রানীর ভাই মন্টু রাম রায় বলেন, জন্ম থেকেই তার বোনের হাতের আঙুল নেই, হাতও ছোট ও বাঁকা। ফলে হাত দিয়ে কলম ধরতে পারেন না তিনি। তবে অদম্য মনোবলে ডান পা দিয়ে ধীরে ধীরে লেখা শুরু করেন। অনুশীলনের মাধ্যমে এখন দ্রুত লিখতে পারেন। তিনি বোনের স্বপ্ন পূরণে সবার দোয়া ও বিত্তবান-দয়ালু মানুষের সহযোগিতা কামনা করেন।
কাউনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষাকক্ষে অন্য শিক্ষার্থীদের মতোই কলি রানী পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন। তবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কেন্দ্রের নিয়ম অনুযায়ী তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার পথে তার এই অদম্য যাত্রার সফলতা কামনা করেন তিনি।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা বলেন, ‘কলি রানীকে শারীরিক প্রতিবন্ধকতা আটকে রাখতে পারেনি। আমরা চাই তার অদম্য অগ্রযাত্রা যেন থেমে না যায়। সে যেন উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণ করতে পারে। উপজেলা প্রশাসন তার পাশে থাকবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা