ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ থেকে ১ লাখ মেট্রিক টন আলু নিতে আগ্রহী ভিয়েতনাম: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু আমদানিতে ভিয়েতনাম আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি দেশের খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিখাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে বাজেট বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৯ জুন) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটে ৪২ লাখ ৫০ হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণের লক্ষ্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তাঁর মতে, গ্রামীণ অর্থায়নের মাধ্যমে কৃষি উন্নয়নে এ কর্মসূচি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
কৃষি ব্যাংক ও রাকাবের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে গ্রামীণ কৃষিঋণ কর্মসূচি চালু করা হয়। সে সময় কৃষকদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যা গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কৃষিতে যান্ত্রিকীকরণ, পাওয়ার টিলারের প্রসার, খাল খনন এবং চাল রপ্তানির মতো উদ্যোগও কৃষি খাতকে এগিয়ে নিতে সহায়ক হয়েছিল।
তিনি বলেন, চলতি বাজেটে কৃষিখাতে বরাদ্দ গত বছরের তুলনায় বৃদ্ধি পেলেও মূল্যস্ফীতির বাস্তবতা বিবেচনায় সেই বৃদ্ধি খুব বেশি নয়। বর্তমানে দেশের অর্থনীতিতে কৃষির অবদান পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যে থাকলেও তা সাত থেকে আট শতাংশে উন্নীত করার লক্ষ্য নেওয়া উচিত। দেশের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ কৃষিনির্ভর হওয়ায় এ খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
রিজভীর ভাষ্য, জাতীয় বাজেট ১৭ দশমিক ৭ শতাংশ বাড়লেও কৃষিখাতের বরাদ্দ সেই অনুপাতে বাড়েনি। সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কৃষিখাতে আরও বরাদ্দ ও কার্যকর নজরদারি প্রয়োজন। অন্যথায় কৃষির কাঙ্ক্ষিত রূপান্তর ব্যাহত হতে পারে।
সম্প্রতি ভিয়েতনাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, দেশটি বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু আমদানিতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে চলতি বছরই ৩০ হাজার মেট্রিক টন আলু নেওয়া হচ্ছে। তাঁর মতে, আলুসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানি বাজার সম্প্রসারণ করা গেলে কৃষকদের উৎপাদিত পণ্যের বিপণন সহজ হবে এবং অতিরিক্ত উৎপাদনের কারণে পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি কমবে।
তিনি কৃষি গবেষণার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো থেকে প্রতিবছর বিপুলসংখ্যক কৃষিবিদ বের হচ্ছেন। তাঁদের মেধা ও গবেষণার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষিখাতের সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।
কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন রিজভী। তিনি বলেন, আলুর পাশাপাশি অন্যান্য ফল ও সবজি দীর্ঘ সময় সংরক্ষণের প্রযুক্তি দেশে চালু করা গেলে মৌসুমে অতিরিক্ত উৎপাদিত পণ্য নষ্ট হবে না। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর তিনি জোর দেন।
তিনি আরও বলেন, পেঁয়াজ, আদা ও রসুনের মতো পণ্যের উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমানো সম্ভব। এজন্য গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করতে হবে।
রিজভীর মতে, ভারী শিল্পের কাঁচামালে সীমাবদ্ধতা থাকলেও কৃষিই বাংলাদেশের প্রধান শিল্পভিত্তি হয়ে উঠতে পারে। নিউজিল্যান্ড ও ডেনমার্কের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলে এসব দেশ উন্নত হয়েছে। বাংলাদেশেরও একই ধরনের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, কৃষি দুর্বল হলে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং মূল্যস্ফীতি-সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। তাই সরকারের নির্ধারিত লক্ষ্য অর্জনে কৃষিখাতে অধিক বরাদ্দ, গবেষণা এবং বৈজ্ঞানিক জনবল তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে এবং সদস্যসচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আক্তারুজ্জামান খান, দীপ্ত টেলিভিশনের হেড অব নিউজ এস. এম. আকাশ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ইমামুল হক প্রত্যয়
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় দেখবেন সরাসরি?
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুন)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো রাজধানী
- ব্রাজিল-জাপান লড়াই ঘিরে উত্তেজনা, কখন শুরু হবে ম্যাচ
- সম্পর্কটি আর সেই জায়গায় নেই, জানিয়ে বিচ্ছেদের ঘোষণা