ঢাকা, শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
নমনীয় পররাষ্ট্রনীতি অনুসরণ করবে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বিশ্ব রাজনীতির পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশকে কৌশলগতভাবে নমনীয় ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, একক শক্তির আধিপত্যের যুগ ক্রমেই শেষ হয়ে নতুন বৈশ্বিক বাস্তবতা তৈরি হচ্ছে।
শনিবার (৯ মে) রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিআইপিএসএস) আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ : নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ভিত্তিতে দেশের পররাষ্ট্রনীতি বহুমাত্রিক, নমনীয় এবং কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না হয়ে পরিচালিত হবে। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণই সরকারের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখবে, তবে কোনো দেশের ওপর নির্ভরশীলতা তৈরি করবে না। একই সঙ্গে অর্থনৈতিক কূটনীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর আওতায় রপ্তানি বাজার সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ জোরদার করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মধ্যে বাংলাদেশকে একটি অর্থনৈতিক সেতুবন্ধন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক, উন্মুক্ত ও সহযোগিতামূলক অবস্থান সমর্থন করে। কোনো পক্ষ না নিয়ে দেশটি বাণিজ্য, সংযোগ, সামুদ্রিক নিরাপত্তা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেবে।
হুমায়ুন কবির আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ শুধু ক্ষতিগ্রস্ত দেশ নয়, বরং বৈশ্বিক জলবায়ু কূটনীতিতে নেতৃত্ব দিতে চায়। এজন্য জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়নের পক্ষে দেশটি সক্রিয় ভূমিকা রাখবে।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের গ্রহণযোগ্যতা তার অভ্যন্তরীণ সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসনের ওপর নির্ভর করে। তাই সরকার দেশে গণতান্ত্রিক পরিবেশ, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আর কখনো স্বৈরাচার ও দুঃশাসনের পথে ফিরবে না। লক্ষ্য হলো একটি সার্বভৌম, অর্থনৈতিকভাবে শক্তিশালী এবং বিশ্বব্যাপী সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান। এতে কূটনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- ১:৮ অনুপাতে নতুন পে স্কেল, বরাদ্দ ৩৫ হাজার কোটি টাকা
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- টাইমস হায়ার এডুকেশন এশিয়া র্যাংকিংসে যৌথভাবে শীর্ষে ঢাবি
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক নজরুল ইসলাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ মে)
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?