ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

জয়-পলক মামলায় প্রথম সাক্ষীর জেরা শেষ, পরবর্তী ১০ মার্চ

২০২৬ মার্চ ০৪ ১৫:৫০:৪২

জয়-পলক মামলায় প্রথম সাক্ষীর জেরা শেষ, পরবর্তী ১০ মার্চ

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ ও হত্যাযজ্ঞের অভিযোগে দায়ের মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। এ মামলায় প্রথম সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ করেছে ট্রাইব্যুনাল।

বুধবার (৪ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলায় অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে বক্তব্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। তিনি ট্রাইব্যুনালের সামনে জানান, কোন কোন আলামত কোথা থেকে জব্দ করা হয়েছে এবং কীভাবে ডিজিটাল প্রমাণ সংগ্রহ করা হয়েছে। জয় ও পলকের কথোপকথনসংক্রান্ত তথ্য-উপাত্তের উৎস সম্পর্কেও ব্যাখ্যা দেন তিনি।

পরে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। পলকের পক্ষে আইনজীবী আমিনুল গণি টিটো এবং জয়ের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মনজুর আলম প্রশ্ন করেন। জেরার এক পর্যায়ে জোহা জানান, মামলাসংশ্লিষ্ট রেকর্ড এনটিএমসি তাদের নিজস্ব সার্ভার থেকে সরবরাহ করেছে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে দায়িত্ব নেওয়ার আগে তিনি সরকারের আইসিটি বিভাগের একটি প্রকল্পে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পলকের ব্যক্তিগত অডিও-ভিডিও বা মোবাইল ফোন সরাসরি জব্দ করেছেন কি না—এ প্রশ্নে জোহা জানান, তিনি সরাসরি কোনো ডিভাইস জব্দ করেননি। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কল রেকর্ড জব্দ করা হয়েছে, যেখানে বি-পার্টি হিসেবে পলকের কণ্ঠ পাওয়া গেছে। মামলার সংশ্লিষ্ট সব ভয়েসের ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

জেরার সময় আইনজীবী টিটো জানতে চান, জোহা কখনও ডিজিএফআই বা এসবিতে কর্মরত ছিলেন কি না। উত্তরে তিনি তা অস্বীকার করেন।

জেরা শেষ হলে ট্রাইব্যুনাল পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১০ মার্চ দিন নির্ধারণ করে।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, সুলতান মাহমুদ, গাজী এমএইচ তামিমসহ অন্যান্যরা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত