ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ২৩:১২:২৩

মন্ত্রী হওয়ার পর প্রথমবার নিজ জেলায় যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে বরণ করে নিতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা বিএনপি।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী জানিয়েছেন, মন্ত্রী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ও শনিবার (২৮ ফেব্রুয়ারি)—এই দুই দিন ঠাকুরগাঁওয়ে অবস্থান করবেন।

সূচি অনুযায়ী, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ঠাকুরগাঁও পৌঁছে জুমার নামাজ আদায় করবেন মির্জা ফখরুল। এরপর দুপুর ২টায় তিনি হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন করবেন। সন্ধ্যায় শহরের গোবিন্দনগর এলাকায় ইএসডিও’র ইফতার মাহফিলে অংশ নিয়ে রাতে নিজ বাসভবনে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এলজিআরডি মন্ত্রী। এরপর দুপুর ১২টায় রামকৃষ্ণ আশ্রমে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন। দুপুর ২টায় তিনি আধুনিক জেলা বাস টার্মিনালের উদ্বোধন করবেন। সন্ধ্যায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মির্জা রুহুল আমিন স্মৃতি সংসদ ও জেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। সফর শেষে রোববার (১ মার্চ) সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠিত হলে তিনি গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মন্ত্রী হওয়ার পর তাঁর এই প্রথম সফরকে জেলার উন্নয়ন ও অবকাঠামো পরিবর্তনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, মির্জা ফখরুলের এই সফরের মাধ্যমে জেলার ঝুলে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে নতুন গতি আসবে। প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঠাকুরগাঁওয়ের প্রবেশমুখ থেকে শহর পর্যন্ত বিভিন্ন সাজসজ্জা করা হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত